আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নিরীক্ষকদের স্বাধীনতা ও পেশাগত সততার ওপর। কোনো ধরনের ভয়ভীতি, পক্ষপাত কিংবা অযাচিত চাপের কাছে নতি স্বীকার না করে বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় হিসাব পেশাজীবীদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিএ) সংশ্লিষ্ট পেশাজীবীদের অযাচিত প্রভাব ও চাপ উপেক্ষা করে নিরপেক্ষ প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, নিরীক্ষার গ্রহণযোগ্যতা নির্ভর করে নিরীক্ষকের স্বাধীনতার ওপর। তাই আর্থিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে হিসাব পেশাজীবীদের পেশাগত সততা বজায় রাখা এবং যেকোনো ধরনের অযাচিত চাপ মোকাবিলার সক্ষমতা থাকতে হবে। সরকার এমন পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে হিসাব পেশাজীবী, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা ভয়ভীতি বা পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালন করতে পারবেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং মানসম্মত বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থিক প্রতিবেদন জরুরি। বিনিয়োগকারীদের কাছে সঠিক তথ্য পৌঁছানোর পাশাপাশি নিয়ন্ত্রক পরিবেশও হতে হবে পূর্বানুমানযোগ্য।
ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা’।
আর্থিক ব্যবস্থায় আস্থার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ব্যাংকে অর্থ জমা রাখা থেকে শুরু করে বিনিয়োগের সিদ্ধান্ত—সব ক্ষেত্রেই মানুষ নির্ভরযোগ্য তথ্যের ওপর ভরসা করে। একইভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও জাতীয় সম্পদ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে নাগরিকরা।
দেশের অতীত আর্থিক অনিয়মের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, গত ১৫ বছরের বেশি সময়ে ব্যাংক, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে অসাধু যোগসাজশের মাধ্যমে বিপুল সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার হয়েছে। এতে অর্থনীতি দুর্নীতি ও নৈরাজ্যের আবর্তে পড়েছে।
তিনি জানান, ২০২৪ সালে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য উঠে এসেছে। বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বা ১ লাখ ৮০ হাজার কোটি টাকা দেশ থেকে বেরিয়ে গেছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জুনের শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। এ অঙ্ক মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
আর্থিক খাতের সংকট মোকাবিলায় প্রকৃত পরিস্থিতি স্বীকার করার ওপর জোর দিয়ে তিনি বলেন, স্বচ্ছতা অনেক সময় অস্বস্তিকর হলেও এর বিকল্প নেই। সমস্যার প্রকৃত চিত্র সামনে না আনলে সমাধানের পথ তৈরি করা সম্ভব নয়।
অর্থপাচার ঠেকানো, ব্যাংকিং জালিয়াতি প্রতিরোধ, আইনসম্মত প্রক্রিয়ায় পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনা এবং খেলাপি ঋণের চাপ সামাল দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, টেকসই সংস্কারের জন্য সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অনিয়ম, তহবিলের অপব্যবহার এবং প্রভাব বিস্তারের সুযোগ বন্ধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দেশের অর্থসম্পদ রক্ষার দায়িত্ব শুধু নিরীক্ষকদের নয়; হিসাববিদ, কর ও রাজস্ব কর্মকর্তা, সরকারি ক্রয় কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তি, প্রকৌশলী এবং নীতিনির্ধারকদেরও এতে ভূমিকা রয়েছে।
নীতিনির্ধারণী পর্যায়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি অর্থপাচার, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও প্রযুক্তিগত রূপান্তরের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠায় পারস্পরিক আস্থার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন উদ্যোগের কথাও স্মরণ করেন।
অনুষ্ঠানে সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় আখতার সানজিদা কাশেমের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন রাষ্ট্রপতি। আয়োজকদের পক্ষ থেকেও তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ।




