দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, নাশকতা কিংবা সহিংসতা ছড়ানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, পুলিশসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান মন্ত্রী।
এ সময় চিকিৎসাধীন সদস্যদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। দায়িত্ব পালনে সাহসিকতার জন্য আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণাও দেন।
সাম্প্রতিক সহিংসতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের কারও মাথায় গুরুতর আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিলেও কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, জনগণের জানমাল রক্ষার শপথ নিয়েই তারা দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় নিজেরা আহত হওয়ার পরও তারা সংযম দেখিয়েছেন। কোনো শ্রমিকের ওপর আঘাত করেননি। এতে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণায় সাধারণ শ্রমিকরা সন্তুষ্ট। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছেন। তবে শ্রমিক পরিচয়ে কিছু ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা চলছে। দেশের কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল করে অস্থিরতা তৈরির অপচেষ্টাও সফল হতে দেওয়া হবে না।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, সেটি দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না। প্রতিবেশী দেশের কোনো ব্যক্তির বাংলাদেশ নিয়ে অপ্রাসঙ্গিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
হাসপাতাল পরিদর্শনের সময় পুলিশ কর্মকর্তাদের ক্যারিয়ার পরিকল্পনা যথাযথভাবে করার নির্দেশ দেন মন্ত্রী। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। বিশেষ করে অর্থোপেডিকস বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানো এবং নিউরো মেডিসিনের চিকিৎসক নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি হাসপাতালে ক্যান্সার ইউনিট চালুর বিষয়েও ইতিবাচক মত দেন তিনি।
হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম মন্ত্রীকে চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। তারা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম ও মো. রাকিবুল ইসলাম।