গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে হামলায় আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যের চিকিৎসার খোঁজ নিতে পিলখানায় বিজিবি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পিলখানায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছ থেকে তথ্য নেন। এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
হাসপাতাল পরিদর্শন শেষে বিজিবি সদর দপ্তরের অপারেশনস (অপস) রুম ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর পিলখানার বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে, গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)।
ওই ঘটনায় খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভাঙার পাশাপাশি ডান হাত ও বাম পায়ে ক্ষত সৃষ্টি হয়।
বর্তমানে এই তিন বিজিবি সদস্যই পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।