দেশে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করতে সরকারি সব মন্ত্রণালয়, বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধ করা জাতীয় অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে সবাই সচেতন না হলে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো একযোগে কাজ না করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হবে।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউনিসেফ যৌথভাবে ‘বাল্যবিবাহ নির্মূলে জাতীয় কর্মপরিকল্পনা’ বাস্তবায়নবিষয়ক এ কর্মশালার আয়োজন করে।
মন্ত্রী বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সব মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তবে সমন্বিতভাবে কাজ করা গেলে সরকারি সেবার সুফল সাধারণ মানুষ আরও ভালোভাবে পাবে।
তিনি আরও বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকলেও বিদ্যমান বরাদ্দ ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কম সম্পদ দিয়েও কীভাবে বেশি মানুষের কল্যাণ করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বাল্যবিবাহ নির্মূলে সরকারের পাশাপাশি সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একযোগে কাজ করলে এ সামাজিক সমস্যা থেকে দেশকে মুক্ত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশে বর্তমানে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন। ১৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বিয়ের প্রবণতা তুলনামূলকভাবে বেড়েছে।
বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাবের ভূমিকার বিষয়টিও কর্মশালায় তুলে ধরা হয়। বক্তারা জানান, দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে এসব ক্লাব পরিচালিত হচ্ছে। প্রতিটি ক্লাবে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে কিশোর-কিশোরী সদস্য রয়েছে।
এসব ক্লাবের বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি ইমানুয়েল আব্রিউ।
উচ্চপর্যায়ের এ সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিরা অংশ নেন।




