অগ্নিকাণ্ডের ঝুঁকি আগেভাগে শনাক্ত করে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। এ প্রযুক্তির মাধ্যমে আগুন, ধোঁয়া, বৈদ্যুতিক যন্ত্রপাতির অতিরিক্ত তাপ ও জরুরি বহির্গমন পথে প্রতিবন্ধকতা শনাক্ত করে দ্রুত সতর্কবার্তা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন তারা।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘এআই-পাওয়ার্ড ডিজিটাল সেফটি অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এসব বিষয় উঠে আসে।
ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) উদ্যোগে দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬-এর অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. সাদিয়া শারমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং স্মার্ট ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন।
মূল প্রবন্ধে রিয়াদ হাসনাইন বলেন, দুর্ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে প্রযুক্তির সহায়তায় আগেই ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধ করা বেশি কার্যকর। এ জন্য অগ্নি ও সাইবার নিরাপত্তাকে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনার পাশাপাশি এআইভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে জাতীয় নির্দেশিকা প্রণয়ন প্রয়োজন।
তিনি জানান, প্রচলিত সিসিটিভি ক্যামেরা, সেন্সর, বৈদ্যুতিক মিটার ও ফায়ার অ্যালার্মের সঙ্গে এআই যুক্ত করা গেলে অগ্নিকাণ্ডের সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করা সম্ভব। এ প্রযুক্তি মাত্র ০.০১৬ সেকেন্ডে সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফ্রেম বিশ্লেষণ করে আগুন বা ধোঁয়ার উপস্থিতি শনাক্ত করতে পারে। ঝুঁকি দেখা দিলে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি ফায়ার সার্ভিসকেও অবহিত করার ব্যবস্থা রাখা সম্ভব।
সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান, বিডিএসএএফের সাধারণ সম্পাদক ও ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান মুহিব্বুল মুক্তাদির তানিম, বিএনএনআরসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, ইসাব সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম এবং ইউবিক করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম।
সেমিনার সঞ্চালনা করেন ইসাবের যুগ্ম মহাসচিব ও গ্রোথ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম খান।
উল্লেখ্য, ২৬ নভেম্বর শুরু হওয়া তিন দিনের এ প্রদর্শনীতে ২০টির বেশি দেশের শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। এতে নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য প্রদর্শনের পাশাপাশি কারিগরি সেমিনার, ব্যবসায়িক বৈঠক এবং অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে।




