ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে আধুনিক প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ঈদুল ফিতরের আগেই স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা কার্যকর করতে সংশ্লিষ্টদের কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর প্রস্তুতি ত্বরান্বিত করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রকল্পের বিভিন্ন অংশের অগ্রগতি পর্যালোচনা করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
রবিবার (২৯ নভেম্বর) এক্সপ্রেসওয়ের বিভিন্ন টোল প্লাজা ও নির্মাণ এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় আগামী ঈদুল ফিতরের আগেই ইটিসি ব্যবস্থা চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় তেজগাঁওসহ কয়েকটি টোল প্লাজায় চলমান সাত দিনের যানবাহন গণনা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন সচিব। জরিপের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি টোল আদায় ও নজরদারি ব্যবস্থার কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত খোঁজ নেন।
পরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে গিয়ে এক্সপ্রেসওয়ের যানবাহন চলাচল, টোল আদায় এবং পরিচালন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসব কার্যক্রমে আরও গতি ও সমন্বয় আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
ইটিসি চালুর প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন টোল লেনে অবকাঠামোগত কাজের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পাশাপাশি বনানী ইএন-২ র্যাম্প এলাকায় প্রযুক্তি স্থাপনের কাজ সম্পর্কে অবহিত হন তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশজুড়ে একই ধরনের আধুনিক ও ব্যবহারবান্ধব টোল আদায় পদ্ধতি চালুর উদ্যোগের অংশ হিসেবে এ কার্যক্রম চলছে।
পরিদর্শন শেষে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই, পরামর্শক ও নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেতু বিভাগের সচিব। সভায় সোনারগাঁও ইএন-২ র্যাম্প যানবাহন চলাচলের জন্য খুলে দিতে বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। র্যাম্পটি চালুর আগেই টোল আদায় ও যানবাহন নিয়ন্ত্রণের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার তাগিদও দেন তিনি।
প্রকল্পের নির্মাণকাজে নিরাপত্তা ও মানের বিষয়ে কোনো ছাড় না দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, নির্মাণ, টোল পরিচালনা এবং যানবাহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব পক্ষকে পারস্পরিক সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিনিয়োগকারী ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



