নির্বাচনী মাঠে বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তার ঠেকাতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবাই যদি ফাউল করার উদ্দেশ্যে মাঠে নামে, তাহলে রেফারির পক্ষে খেলা পরিচালনা করা সম্ভব নয়।
রবিবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীতে নির্বাচন কমিশনের আয়োজনে শুরু হওয়া তিন দিনের এ সংলাপে মোট ৫৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে।
সিইসি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৫১৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজন করবে কমিশন।
নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলোর সমর্থন পাওয়া এবং প্রভাবশালী প্রার্থীদের তৎপরতা থাকবে বলে মনে করেন নাসির উদ্দিন। এ পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা হলে রাজনৈতিক নেতাদের তা প্রতিহত করতে হবে। কেউ যেন ভোটের মাঠে প্রভাব বিস্তার কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সিইসি আরও বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। অতীতে সব পক্ষের সহযোগিতায় শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনেও একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করছে কমিশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে নাগরিক সেবা কার্যক্রমে নানা সমস্যা তৈরি হয়েছে। দেশের হাজার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্রুত আয়োজনের প্রয়োজনীয়তা রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপ্তি তুলে ধরে নাসির উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচনও আয়োজন করতে হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে রাজনৈতিক দলগুলোর বাস্তবসম্মত পরামর্শ চেয়েছেন তিনি।
মৌলভীবাজারের চা-বাগানের শ্রমিকদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন, সম্মিলিত উদ্যোগ থাকলে দেশজুড়েও সুশৃঙ্খল নির্বাচন আয়োজন করা সম্ভব।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, সংলাপের প্রথম দিন জামায়াতে ইসলামীসহ ১৮টি দলের সঙ্গে আলোচনা করবে কমিশন। ৩০ নভেম্বর বিএনপিসহ ১৯টি দল এবং ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) আরও ১৮টি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও পৃথক সভা করবে নির্বাচন কমিশন।