দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পেট্রোল নিক্ষেপ ও ব্যাংকসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনায় শেখ হাসিনার অনুসারীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল (এল-এম) আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনাকে আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রতিবেশী দেশের প্রভাব বিস্তার এবং বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা নতুন নয়। স্বাধীনতার পরপরই কমরেড তোয়াহাসহ তৎকালীন রাজনৈতিক নেতারা এ বিষয়টি উপলব্ধি করেছিলেন।
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো প্রকাশ্যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে। সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে মাওলানা ভাসানী এবং সাম্যবাদী নেতাদের রাজনৈতিক অবস্থানের প্রাসঙ্গিকতা এখনো রয়েছে।
কমরেড তোয়াহার জীবন ও রাজনৈতিক আদর্শের স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করেছিলেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আজীবন নিজের আদর্শ ও বিশ্বাসের প্রতি অবিচল ছিলেন তিনি।
রিজভী আরও বলেন, মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর স্বাধীন বাংলাদেশেও কমরেড তোয়াহাকে নির্যাতন ও কারাবরণের শিকার হতে হয়েছে। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন। পরে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি বলেন, মাওলানা ভাসানী, কমরেড তোয়াহা ও হক সাহেবের রাজনৈতিক দর্শনে পার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে তারা দেশপ্রেমিক ভূমিকা রেখেছেন।
কমরেড তোয়াহার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, এসব নেতার চিন্তাধারা অনুসরণ করলে দেশের স্বার্থবিরোধী শক্তিকে চিহ্নিত করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম আরও সুসংহত করা সম্ভব হবে।