নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মহাসড়কে সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল। এ সময় দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। 
 আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এরআগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভানুয়াই এলাকায় নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকরাম আলী বাড়ির মো. দুলালের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং একই ওয়ার্ডের শাহ আলমের নতুন বাড়ির মো. হারুনের ছেলে মো.জীবন (২২)। 
ডিএনসি সূত্রে জানা যায়, ব্রাাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা নিয়ে আসছে এমন গোপন সুত্র ধরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবি-১১-সিপিপি-৩ নোয়াখালী কার্যালয়ের সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় উপজেলার ভানুয়াই এলাকায় সিলেট থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের বাসটিতে তল্লাশি করা হয়। একপর্যায়ে বাসের ভেতর থেকে ১৪ কেজি গাঁজাসহ আলমগীর ও জীবনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মুঠোফোনও জব্দ করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকতৃদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা করা হয়েছে।