মুন্সীগঞ্জে মাজারের ভেতরে জাহেদ ব্যাপারী (৫৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফরিদ ব্যাপারীকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে রাজধানীর মিরপুরের কালশী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ও পল্লবী থানা পুলিশের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার ফরিদ ব্যাপারী সদর উপজেলার ভিটি হোগলাকান্দি গ্রামের সালাম ব্যাপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামের দয়াল বাবা রুহুল আমিন শাহ মাজারে জাহেদ ব্যাপারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ফারিয়া আক্তার বাদী হয়ে ফরিদ ব্যাপারীকে প্রধান আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।
ঘটনার পর থেকে ফরিদ ব্যাপারী পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে রাজধানীর কালশী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, পল্লবী থানা পুলিশের সহযোগিতায় সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।