বরগুনা শহরে পুলিশ লাইন্সের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরগুনা-খুলনা পথে চলাচলকারী বিআরটিসির বাসগুলো সাধারণত পুলিশ লাইন্সের সামনের সড়কে রাখা হয়। শনিবার রাতেও সেখানে একটি বাস পার্কিং করা ছিল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
আগুন দেখতে পেয়ে পুলিশ লাইন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি ঢেলে তা নিভিয়ে ফেলেন। ফলে আগুন বেশি ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাসটি।
বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা আগুন দিয়েছে, তা এখনও জানা যায়নি। জড়িতদের পরিচয় ও অবস্থান শনাক্তে পুলিশ তদন্ত করছে।