বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ‘গ্লোবাল অ্যাটমিক কুইজ’ আয়োজন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। এ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষ তিনজনের জন্য রয়েছে রাশিয়া ভ্রমণের সুযোগ। সেখানে তারা বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে পারবেন।
রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি প্রতিযোগীদের জন্য কুইজে অংশগ্রহণের শেষ সময় আজ স্থানীয় সময় রাত ১২টা। আগ্রহীরা https://quiz.atomforyou.com/⁠ ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
এবারের কুইজের প্রতিপাদ্য ‘ওয়ান অ্যাটমিক ডে’। এতে বিদ্যুৎ ও খাদ্য উৎপাদন, নিউক্লিয়ার মেডিসিন এবং মহাকাশ গবেষণাসহ মানুষের দৈনন্দিন জীবনে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার ও অবদান তুলে ধরা হয়েছে। বিজ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়ানো এবং পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।
রোসাটম জানিয়েছে, কুইজটি বাংলা, ইংরেজি, রুশ, আরবি, স্প্যানিশ, পর্তুগিজ, তুর্কি, ভিয়েতনামি ও সোয়াহিলিসহ মোট ১৬টি ভাষায় দেওয়া যাবে। অংশগ্রহণকারীরা এতে নিজেদের বিজ্ঞানবিষয়ক জ্ঞান যাচাইয়ের পাশাপাশি আধুনিক পারমাণবিক প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ সম্পর্কে জানার সুযোগ পাবেন।
প্রতিযোগিতায় সেরা তিনজনের রাশিয়া সফরের পাশাপাশি শীর্ষ ১০০ জনকে অন্যান্য পুরস্কার দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ইলেকট্রনিক সনদও।
২০২০ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতায় এ পর্যন্ত বিশ্বের ১০০টির বেশি দেশের এক লাখ ১১ হাজারের বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নিয়েছেন। পারমাণবিক বিজ্ঞানের শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা তৈরিতে উদ্যোগটি ভূমিকা রাখছে।