সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে শরীয়তপুরের নড়িয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান। প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরন।
সভায় প্রধান অতিথি বলেন, গ্রাম ও প্রান্তিক পর্যায়ে ছোট ছোট সমবায় সমিতি গড়ে তোলার মাধ্যমে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন সম্ভব। সমবায় উদ্যোগে মানুষের শ্রম ও কর্মক্ষমতাকে কাজে লাগানো গেলে বেকারত্ব কমবে। এতে ব্যক্তিগত স্বাবলম্বিতার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে।
আলোচনা সভায় নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মুন্সী সামছুল আলম দাদনসহ বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



