রাজশাহীর বাঘায় মাদকসংক্রান্ত মামলায় ১ বছর ৪ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনিসুর রহমান কিশোরপুর গ্রামের মাজদার রহমানের ছেলে। পুলিশ জানায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(২) ধারায় করা একটি মামলায় আদালত তাকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বাঘা থানার একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, একজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি বাঘার সীমান্তবর্তী এলাকায় মাদকের সরবরাহ ও বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ভারত থেকে নদীপথে সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে নিয়মিত মাদকের চালান দেশে প্রবেশ করছে। আলাইপুর, কিশোরপুর, গোকুলপুর, পাকুড়িয়া, মীরগঞ্জ, মহাদিপুর, মুর্শিদপুর, চাঁদপুর ও সরেরহাটসহ বিভিন্ন এলাকায় মাদকের সরবরাহ রয়েছে বলে দাবি তাদের। এসব চালানে ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ আসছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
বাঘা সীমান্ত এলাকার সাবেক ইউপি সদস্য সিয়ার উদ্দিন জালান বলেন, ভারত থেকে নদীপথে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদকের চালান আসে। এসব অবৈধ কর্মকাণ্ডে সীমান্ত এলাকার কিছু মানুষের সম্পৃক্ততা রয়েছে বলে তার অভিযোগ। মাদকের সরবরাহ বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো এবং সমন্বিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় বাঘায় দীর্ঘদিন ধরে মাদকের সমস্যা রয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে মাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়মিত গ্রেপ্তার করা হচ্ছে। মাদক যুবসমাজকে ধ্বংস করছে উল্লেখ করে তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় আলাইপুর ও মীরগঞ্জে বিজিবির দুটি ক্যাম্প রয়েছে। বিজিবি মাঝেমধ্যে মাদকদ্রব্য আটকও করে। তবে তাদের অভিযোগ, কিছু ঘটনায় মাদকের মালিক বা বহনকারীকে শনাক্ত না করে উদ্ধার করা মাদক পরিত্যক্ত হিসেবে দেখানো হয়। এতে সংশ্লিষ্ট কারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে বলে মনে করেন তারা। বিজিবির অভিযান ও আসামি শনাক্তের কার্যক্রম আরও জোরদার করার দাবিও জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধি।
স্থানীয়দের মতে, শুধু মাদক উদ্ধার বা বিচ্ছিন্ন গ্রেপ্তার নয়, এর উৎস, সীমান্ত দিয়ে প্রবেশের পথ এবং সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা জরুরি। এ জন্য পুলিশ, বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধ এবং কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।



