জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’র আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশের মধ্যেই বিপাকে পড়েছেন জয়পুরহাটের দর্শকরা। অনুষ্ঠান উপভোগ করতে এসে অনেকেই হারিয়েছেন নিজেদের মুঠোফোন। এ ঘটনায় চুরির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শকদের ঢল নামে। আয়োজকদের হিসাবে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল।
বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে চোর ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক ফোন হারিয়ে যায়। অনুষ্ঠান শেষে শতাধিক মোবাইল চুরির বিষয়টি সামনে আসে। তবে প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অনুষ্ঠানের নিরাপত্তায় প্রায় ২৫০ পুলিশ সদস্যের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এত আয়োজনের পরও চুরির ঘটনা ঠেকানো সম্ভব হয়নি।
ঘটনার পর কয়েকজন ভুক্তভোগী কালাই থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। ছুটির দিন ও অতিরিক্ত চাপের কারণে সেদিন সাধারণ ডায়েরি (জিডি) করা সম্ভব হয়নি। রোববার সকালে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন তারা।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন (৪৭) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায়। পুলিশ ধারণা করছে, চুরি যাওয়া মোবাইলের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে।