ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম পুনরায় বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত করার দাবিতে রেললাইন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার সকাল থেকে কোড্ডা কেবিন এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। অবরোধকারীদের অনেকেই মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদে অংশ নেন।
স্থানীয়দের এই আন্দোলনের কারণে গুরুত্বপূর্ণ দুই রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম আলাদা করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। পরে ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হলেও স্থানীয়দের আপত্তির কোনো সমাধান হয়নি।
সম্প্রতি বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায়। বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে একীভূত করে বরিশল নামে নতুন উপজেলা গঠনের একটি প্রস্তাব সামনে এসেছে বলে দাবি আন্দোলনকারীদের। তাদের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চিঠি পাঠিয়েছে। সদর উপজেলার প্রশাসনিক কাঠামো পরিবর্তনের এই উদ্যোগের বিরুদ্ধেই তারা রাস্তায় নেমেছেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে সিলেটগামী পারাবত এক্সপ্রেস স্টেশনে আটকে আছে। নিরাপত্তার কথা বিবেচনা করে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জানমালের ক্ষতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।