বাড়ি থেকে মাদরাসায় আসার পথে মাইসা ইলহান নুয়া (৭) নামের এক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর নোয়াখালীর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নিহত নুয়া পাশবর্তী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে সদর উপজেলার মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিল।
নিহতের জেঠা আলতাফ হোসেন বলেন, তাদের বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির পাশের সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মাদরাসায় পড়ত নুয়া। আজ সকালে বাড়ি থেকে মাদরাসায় যায় সে। নুয়া দুপুরে বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার মাদরাসায় চলে যায়। বিকেলে মাহতাপুর গ্রামের একটি বাড়ির সড়কের পাশে ঘরের পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
ঘটনাস্থল থেকে বিষয়টি নিশিচত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটি দুপুর আড়াটার পর বাড়ি থেকে মাদাসায় পথে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন এবং ধর্ষণেরও কোনো আলামত মেলেনি। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শষ্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন।




