ঝালকাঠির নলছিটিতে পুলিশের হেফাজত থেকে ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলাসহ একাধিক অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে আটক করতে তার বাড়িতে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এ সময় সিরাজুলের স্বজন ও সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে পুলিশের কাছ থেকে নিয়ে যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মামলার পর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা ও শহিদুল ইসলাম (২৮)। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক সিরাজুল ইসলামসহ মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।