বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসকে মারধরের অভিযোগে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজস্ব চেম্বারে হামলার ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের চেম্বারে যান। সেখানে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে বিষয়টি ছেলেকে জানান বেলায়েত। অভিযোগ রয়েছে, এরপর ইমরান খান সালাম ৩-৪ জনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে গিয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং মারধর করেন। একপর্যায়ে আত্মরক্ষায় চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক।
ডা. সুরঞ্জিত দাসের অভিযোগ, হামলাকারীরা তাকে গালাগাল ও মারধরের পাশাপাশি সরকারি কাজে বাধা দিয়েছেন। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহিন জানান, চিকিৎসকের ওপর হামলার বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঘটনার পর হাসপাতালের চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখলেও জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু ছিল।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, এ ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সালামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।