কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে এক নারীর বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ছাত্রদলের সাবেক এক নেতা। তাকে উদ্ধারে কয়েক রাউন্ড গুলিবর্ষণের অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের শালদাহ মুচিপাড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মারুফ হাসান পিয়াস। তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্যসচিব এবং হাটশ হরিপুর ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের দাবি, ওই নারীর বাড়িতে পিয়াসের নিয়মিত যাতায়াত নিয়ে এলাকায় সন্দেহ তৈরি হয়েছিল। রোববার সন্ধ্যায় তিনি ওই বাড়িতে গেলে নারীর স্বামী ও স্বজনরা একটি কক্ষে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
নারীর স্বামী অন্তর হোসেনের অভিযোগ, পিয়াসকে আটকের পর তাঁর লোকজন ঘটনাস্থলে এসে গুলি ছুড়ে তাঁকে নিয়ে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি জানান, স্ত্রীর সঙ্গে পিয়াসের সম্পর্ক নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল। ঘটনার পর স্ত্রীকে তালাক দেওয়ার উদ্যোগও নেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মারুফ হাসান পিয়াস। তার দাবি, ওই নারী তাঁর বন্ধুর ছোট বোন। ব্যক্তিগত সমস্যার কারণে তিনি তাকে ডেকেছিলেন। সেখানে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন এবং পরে পালিয়ে আসেন। গুলির শব্দ শোনার কথা স্বীকার করলেও কারা গুলি করেছে, তা জানেন না বলে দাবি করেন তিনি। এ ঘটনায় জাসদ ছাত্রলীগের লোকজন জড়িত বলে তিনি জানতে পেরেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে এসেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, গোলাগুলির বিষয়টি তিনিও শুনেছেন। জাসদ ও ছাত্রলীগের মধ্যে বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন। তবে সংশ্লিষ্ট এলাকায় গোলাগুলি হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।