লক্ষ্মীপুরের রামগঞ্জে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. ফরহাদুল ইসলাম (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় মো. আসিফুর রহমান (৩০) নামে অপর এক অভিযুক্ত পালিয়ে গেছেন।
রবিবার (৮ নভেম্বর) রামগঞ্জ থানার জাফরনগর গ্রামের বড় বাড়ি এলাকায় ফরহাদুল ইসলামের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি করা হয় বাড়ির একটি শয়নকক্ষে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, শয়নকক্ষে একটি সিনথেটিক শপিং ব্যাগের ভেতরে নীল রঙের জিপারযুক্ত দুটি পলিপ্যাকেট পাওয়া যায়। পরে সেগুলো খুলে ২৫০ পিস করে মোট ৫০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফরহাদুল ইসলাম রামগঞ্জ উপজেলার ২ নম্বর ভাটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাফরনগর বড় বাড়ি এলাকার তফাজ্জল হোসেন ও পারভীন বেগমের ছেলে। পলাতক আসিফুর রহমান চাঁদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড় রঘুনাথপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রামগঞ্জ থানায় মামলা করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।