বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা সৌরভ হোসেন (২৮)। মঙ্গলবার রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। 
এ সময় তার সঙ্গে থাকা বান্ধবী রিয়া খাতুনও গুরুতর আহত হয়েছেন। নিহত সৌরভ চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ব্যবসায়ী আসলাম হোসেনের ছেলে। আহত রিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সৌরভ ও রিয়া মোটরসাইকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে পৌঁছালে সড়কের একটি স্পিড ব্রেকার সামনে পড়ে। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়েন। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। 
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার মধ্যরাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৌরভের মৃত্যুর খবর চুয়াডাঙ্গা শহরে ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয় সহকর্মীকে শেষবারের মতো দেখতে গভীর রাত থেকে ভোর পর্যন্ত গুলশানপাড়ার বাসভবনে ভিড় করেন ছাত্রদলের নেতাকর্মী, বন্ধুবান্ধব ও পাড়া-প্রতিবেশীরা।