রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালের কেনাকাটা, সরকারি ওষুধ সংগ্রহ ও বিতরণসহ বিভিন্ন খাতের নথিপত্র পরীক্ষা করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের অনিয়ম নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং রোগীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এ কার্যক্রম চালানো হয়। অভিযানে কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিল-ভাউচার ও ক্রয়সংক্রান্ত নথি যাচাই করেন। পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন তারা।
দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের বিভিন্ন কেনাকাটা ও বিল-ভাউচারে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রতিবেদন আকারে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে বিধি অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান বলেন, দুদকের অভিযানে কয়েকটি বিল-ভাউচারে ত্রুটি পাওয়া গেছে। তবে তার দাবি, এসব ত্রুটি গুরুতর কোনো সমস্যা নয়।



