শৈশবেই দত্তক হয়ে বাংলাদেশ ছেড়েছিলেন সেলিনা গোমেজ। দীর্ঘ ৪৫ বছর পর জন্মভূমিতে ফিরে এবার জন্মদাতা মা-বাবা ও স্বজনদের খুঁজছেন তিনি। বর্তমানে ৪৬ বছর বয়সী এই নারী নেদারল্যান্ডসের নাগরিক। তার জন্ম কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়।
গত ২৮ অক্টোবর বাংলাদেশে এসে পরিবারের সন্ধানে বিভিন্ন এলাকায় ঘুরছেন সেলিনা। মালুমঘাট ও খুটাখালীসহ আশপাশের এলাকায় মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে নিজের পরিচয় জানাচ্ছেন। তার আশা, কোনো না কোনো সূত্র ধরে একদিন খুঁজে পাবেন হারিয়ে যাওয়া আপনজনদের।
সেলিনার কাছে থাকা পাসপোর্টের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৭ জুলাই দেড় বছর বয়সে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। পুরোনো কাগজপত্রে জন্মদাত্রী মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ বলে উল্লেখ রয়েছে।
সেলিনা জানান, নিজের জন্মদাতা মা-বাবাকে কখনো মনে করতে পারেন না। তবে তাদের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা রয়েছে। নেদারল্যান্ডসে বড় হলেও নিজের শেকড়ের টান অনুভব করেন তিনি। জন্মদাতা পরিবারের সঙ্গে আবারও মিলিত হওয়ার আশায় বাংলাদেশে এসেছেন।
তার ভাষ্য অনুযায়ী, দেড় বছর বয়সে এক নারী তাকে মালুমঘাট থেকে ঢাকায় নিয়ে যান। পরে সেখান থেকে একটি ডাচ পরিবার তাকে দত্তক নেয়। সেই পরিবারের স্নেহ-যত্নে বেড়ে উঠলেও নিজের জন্মপরিচয় ও পরিবারের সন্ধান কখনো ছাড়েননি তিনি।
পরিবারের খোঁজে সেলিনা সঙ্গে রেখেছেন শৈশবের একটি ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। এসব নথি দেখিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।
তার ভ্রমণসঙ্গী রাসেল আলম জানান, পরিবারের সন্ধানে এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছিলেন সেলিনা। এবার আরও ১০ থেকে ১৫ দিন দেশে থাকার পরিকল্পনা রয়েছে। এই সময়জুড়ে জন্মদাতা মা-বাবা ও আত্মীয়স্বজনের সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ চালানো হবে।
সেলিনার পরিবারের বিষয়ে কারও কাছে তথ্য থাকলে ০১৭১৮-৬০৪৩৪৭ নম্বরে যোগাযোগ অথবা findfamily1402\@gmail.com ঠিকানায় ই-মেইল করার অনুরোধ জানিয়েছেন রাসেল আলম। দীর্ঘ অপেক্ষার পর জন্মভূমিতে ফিরে সেলিনার এই অনুসন্ধান এখন আপনজনদের সঙ্গে পুনর্মিলনের আশায়।