দীর্ঘ ১৮ বছরের কারাবাস শেষে অবশেষে পরিবারের কাছে ফেরার সুযোগ পেয়েছেন বাগেরহাটের বাদল ফরাজি। চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজ এলাকায় ফিরছেন তিনি।
এদিন বেলা ২টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। এর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে বাগেরহাটে নিয়ে আসা হয়। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বাড়ি মোংলা পৌরসভার কুমারখালী এলাকায়।
বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল জানান, বাদল ফরাজিকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। তবে মঙ্গলবার নাকি বুধবার তাকে গ্রামের বাড়িতে নেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, নামের মিল থাকায় ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েন বাদল ফরাজি। ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে বাংলাদেশের কারাগারে সাজা ভোগ করছিলেন তিনি।
বাদলের প্যারোলে মুক্তির বিষয়ে ভারতের দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়। গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমিত বনসাল আবেদন মঞ্জুর করেন। তবে প্যারোল বা ফার্লোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণের নির্দেশ দেন আদালত।
এরপর ১ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক পাঠায়। ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আরেকটি স্মারক জারি করে। পরে ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তার ভাইয়ের মুক্তির আবেদন করেন। আইন মন্ত্রণালয়ের মতামতসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান বাদল ফরাজি।
দীর্ঘ অপেক্ষার পর পরিবারের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটির অপেক্ষায় এখন তার স্বজনেরা।