ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা রুখতে যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিন-রাত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলছে নজরদারি।
যশোরের চৌগাছা ও শার্শা উপজেলার সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে সেখানে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ক্যামেরাযুক্ত ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
সীমান্তবর্তী জনপদেও সতর্কতা জোরদার করা হয়েছে। কোনো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি চোখে পড়লে কিংবা কাউকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানিয়ে স্থানীয় গ্রামগুলোতে মাইকিং করা হচ্ছে।
বিজিবি অধিনায়ক বলেন, বিতর্কিত, পলাতক বা ফেরারি কোনো আসামি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হবে। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা, সীমান্ত সুরক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন।
বিজিবির যশোর রিজিওনের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার। এই অঞ্চলে কুষ্টিয়া ও খুলনা—দুটি সেক্টরের অধীনে সাতটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। এর মধ্যে যশোরের চৌগাছা ও শার্শা সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।




