কক্সবাজারের পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান চালিয়ে অবৈধ রিং বাঁধ অপসারণ ও একাধিক বিহিন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এর আগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় কর্মসৃজন প্রকল্পের প্রায় ৩০০ শ্রমিক খালের অবৈধ বাঁধ অপসারণ ও কচুরিপানা পরিষ্কারের কাজে অংশ নেন।
জানা গেছে, পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যামুইন্য ব্রিজ থেকে বাজারপাড়া এলাকার সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ গোলদিঘি নন্দীরপাড়া খালের বিভিন্ন স্থানে স্থানীয় কিছু ব্যক্তি রিং বাঁধ, চরে পুকুর খনন ও অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সংকুচিত হয়ে পড়ছে শতবর্ষী এ খাল।
স্থানীয় সূত্রে জানা যায়, খালের দুই পাড়ে জেগে ওঠা চর দখল করে প্রায় শতাধিক বসতি গড়ে উঠেছে। এসব বসতবাড়ির পাশে মাছ চাষ ও আহরণের জন্য ছোট ছোট পুকুর খনন করা হয়েছে। এ ছাড়া খালের বিভিন্ন স্থানে কৃত্রিম রিং বাঁধ দিয়ে পানি আটকে জাল বসিয়ে মাছ শিকার করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এ খাল দিয়ে লঞ্চ চলাচল করত। কিন্তু দখল, ভরাট ও অবৈধ বাঁধের কারণে এখন নৌকা চলাচলও কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের অভিযানকে স্বাগত জানিয়ে তারা খালটি দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুলবুল আকতার, পেকুয়া থানা পুলিশের সদস্য, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট ও স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম বলেন, খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।