রংপুর নগরীতে ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রচার-প্রচারণার অভিযোগে আতিয়ার রহমান নামে এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধা ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তিনি আল ফালাহ্ ইন্সটিটিউটের শিক্ষক। তার বাড়ি পীরগাছা উপজেলার ইটাকুমারী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে বিভিন্ন পেজ ও আইডি পর্যবেক্ষণের সময় ওই শিক্ষকের আইডিতে আওয়ামী লীগের বিভিন্ন ভিডিও ও পোস্ট শেয়ার এবং ‘জয় বাংলা’ লিখে স্ট্যাটাস দেওয়ার বিষয়টি নজরে আসে বলে অভিযোগকারীরা দাবি করেন।
জুলাই যোদ্ধা ও সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের কর্মী পরিচয় দেওয়া মোহাম্মদ রাকিবুল ইসলাম মেরাজ জানান, তথ্য যাচাইয়ের জন্য তারা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে শিক্ষকের পরিচয় সংগ্রহ করেন। পরে সকালে প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি পুলিশকে জানান। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ হামিদুজ্জামানের সঙ্গে আলোচনা শেষে ওই শিক্ষককে নিয়ে আসা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের এসআই এস এম আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তি নিজের নাম আতিয়ার রহমান এবং বাড়ি পীরগাছা বলে জানিয়েছেন। তিনি ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। ফেসবুকে বিভিন্ন সময়ে দলীয় কার্যক্রমসংক্রান্ত পোস্ট শেয়ার করেছেন বলেও জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।