স্বামীর জীবন রক্ষায় নিজের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ দান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক স্ত্রী। বরিশালের শিক্ষক মন্দিরা রানী পালের এই আত্মত্যাগে আবেগাপ্লুত হয়েছেন গৌরনদীর মানুষ।
কিডনি রোগে আক্রান্ত স্বামী সুদাম পালকে বাঁচাতে নিজের একটি কিডনি দিয়েছেন মন্দিরা রানী। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার চলছিল।
মন্দিরা রানী পাল গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর স্বামী সুদাম পাল নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক।
পরিবারের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা যায়, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম পালের কিডনি রোগ শনাক্ত হওয়ার পর থেকেই চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবারটি। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা চললেও একপর্যায়ে চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।
কিন্তু উপযুক্ত দাতা না পাওয়ায় প্রতিস্থাপন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত স্বামীকে বাঁচাতে নিজেই কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী। তার এই সিদ্ধান্তে নতুন আশার আলো দেখে পরিবার।
সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া বিষয়টি জানিয়েছেন। অন্যদিকে ভারতে অবস্থানরত মন্দিরা রানীর ভাই সবুজ কুমার পাল জানান, প্রয়োজনীয় আদালত, আইনগত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রক্রিয়া শেষ করে গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়।
হাসপাতালের ইউরোলজি, কিডনি প্রতিস্থাপন, রোবোটিক ও ইউরো-অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে চলে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয় দুজনের অস্ত্রোপচার।
এদিকে স্বামীর জন্য স্ত্রীর কিডনি দানের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘিরে গৌরনদীজুড়ে তৈরি হয়েছে আবেগ ও প্রশংসার আবহ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দম্পতির দ্রুত সুস্থতা কামনা করছেন।
কঠিন সময়ে জীবনসঙ্গীর পাশে দাঁড়িয়ে মন্দিরা রানী যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা অনেকের কাছেই ভালোবাসা ও মানবিকতার এক অসাধারণ উদাহরণ হয়ে উঠেছে। এখন তাঁদের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।




