খাদ্যপণ্যের মান ও উৎপাদন পরিবেশ নিয়ে গুরুতর অনিয়মের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকারী দল। বগুড়ায় একটি চানাচুর কারখানায় পোড়া তেল, শিল্পকারখানায় ব্যবহৃত লবণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ মিলেছে।
এসব অভিযোগে ‘সাভার ফুড প্রোডাক্টস’-এর ‘রকেট চানাচুর’ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকার বানদিঘীতে অবস্থিত কারখানাটিতে অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে চানাচুর তৈরিতে পোড়া তেল ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া স্বাস্থ্যসম্মত স্টেইনলেস স্টিলের ট্রের পরিবর্তে ময়লা মেঝেতে খাদ্যপণ্য রেখে পা দিয়ে মাড়িয়ে তাতে মসলা মেশানো হচ্ছিল।
কারখানার মেঝেতে পাখির বিষ্ঠাসহ বিভিন্ন ধরনের ময়লা পাওয়া যায়। সেখানেই তৈরি খাদ্যপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল। পাশাপাশি কর্মীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং সামগ্রিক স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রেও ঘাটতি শনাক্ত করেন অভিযানকারীরা।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। খাদ্যপণ্যের নিরাপত্তা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।