রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন অনিয়ম, সিদ্ধান্তহীনতা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে তাকে ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, ইনস্টিটিউটের মাঠে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দিয়ে অধ্যক্ষ অন্য অনুষ্ঠান ও বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ দিয়েছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় গোপন করে বিতর্কিত মন্তব্য, নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও তোলেন তারা।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, অধ্যক্ষের আচরণ ও সিদ্ধান্তহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
অন্য এক শিক্ষার্থী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যক্ষের বিভিন্ন কর্মকাণ্ড তারা দেখেছেন। নারী শিক্ষার্থী এবং তাপসী রাবেয়া ছাত্রীনিবাসের সঙ্গেও তিনি অশালীন আচরণ করেছেন বলে দাবি করেন ওই শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, তারা ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি চান না। তবে নির্ধারিত সময়ের মধ্যে অধ্যক্ষ পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বক্তব্য দেন সিভিল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের রেজাউল করিম রাজু, মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় সেমিস্টারের আরাফাত হোসেন, ইলেকট্রিক্যাল বিভাগের প্রথম সেমিস্টারের আফরোজা আক্তার মুন্নি, ইলেকট্রনিক বিভাগের মিথিলা, রাসেল মাহমুদ, মোহাম্মদ সাদিকসহ অন্য শিক্ষার্থীরা।
এ বিষয়ে অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।




