এইচএসসি পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। ২০২৬ সালের পরীক্ষায় শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ অর্জনের হারেও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার বোর্ডসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করল কলেজটি। জাতীয় পর্যায়েও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির বিবেচনায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১১ নভেম্বর) কলেজের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতাউর রহমান। এ সময় তিনি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনের শিক্ষা কার্যক্রম, পরিচালনাপদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য নিয়মিত পরীক্ষা, পাঠ মূল্যায়ন, ডিজিটাল হাজিরা, ব্যবহারিক শিক্ষা, দলীয় আলোচনা ও গ্রন্থাগার ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও শিক্ষাসংক্রান্ত সমস্যা সমাধানে কাউন্সেলিং এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়।
১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান করে আসছে প্রতিষ্ঠানটি। ২০০৭ সালে ঢাকা শিক্ষা বোর্ডের সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছিল কলেজটি। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষাতেও ময়মনসিংহ বোর্ডে শীর্ষস্থান অর্জন করে।
কলেজটির শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ২০০৮ শিক্ষাবর্ষে ৫২ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে এবং ৩৯ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পান। এ ছাড়া বুয়েট, মেডিকেল ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রেখেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ বিভাগে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতির পাশাপাশি জাতীয় পর্যায়েও দ্বিতীয় স্থান অর্জনের কৃতিত্ব রয়েছে কলেজটির। সাবেক শিক্ষার্থীদের অনেকে দেশে-বিদেশে শিক্ষকতা, চিকিৎসা, প্রকৌশল ও গবেষণায় যুক্ত রয়েছেন। তাঁদের কেউ কেউ নাসা, গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. সাইদুর রহমান গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছেন।
শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি দক্ষতা ও সৃজনশীলতা বিকাশেও কাজ করছে প্রতিষ্ঠানটি। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণ, বিশেষ ক্লাস, পুনরাবৃত্তিমূলক পাঠদান এবং নিয়মিত মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। চারটি ভবনে আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার ও গ্রন্থাগারের পাশাপাশি পরিবহন, ক্যান্টিন, খেলার মাঠ, চিকিৎসা সহায়তা ও অগ্নিনির্বাপণ সুবিধা রয়েছে। খেলাধুলা, বিতর্ক, ভাষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েও শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জন করছে।
অধ্যক্ষের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতা এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সংবাদ সম্মেলনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেসুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বিএম আব্দুল্লাহ রনিসহ শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বর্তমানে কলেজটিতে ৩৬ জন শিক্ষকের তত্ত্বাবধানে ৭০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে জাতীয় পর্যায়ে আরও বড় স্বীকৃতি অর্জনের প্রত্যাশা তৈরি হয়েছে।