ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নেওয়ায় রুমা ব্রিকস নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটার কিলন ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাজিরবেড় (জিন্নানগর) এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিল প্রতিষ্ঠানটি। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন। পাশাপাশি ভবিষ্যতে অবৈধভাবে ভাটার কার্যক্রম পরিচালনা না করার শর্তে মালিকপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহা। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে আনসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী পরিচালক কমল কুমার বর্মন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।