দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শিক্ষাব্যবস্থার সঙ্গে শিল্পখাতের চাহিদার সমন্বয় ঘটাতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সরকার দেশব্যাপী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে আইএলও। উদ্যোগটির আওতায় শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি, কর্মভিত্তিক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সহায়তা সেবা চালুর বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আইএলওর প্রতিনিধিদলের সঙ্গে চট্টগ্রাম চেম্বারের নেতাদের এক মতবিনিময় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে শিল্পের প্রকৃত চাহিদাভিত্তিক কারিগরি ও ব্যবহারিক শিক্ষার বিস্তার ঘটানো প্রয়োজন। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী সাধারণ বিষয়ে ডিগ্রি অর্জন করলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী খুঁজে পাচ্ছে না।
তিনি আরও বলেন, একদিকে শিক্ষিত তরুণ-তরুণীরা উপযুক্ত চাকরির সুযোগ পাচ্ছেন না, অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মীর সংকটে রয়েছে। এ ব্যবধান কমাতে কানাডাসহ উন্নত দেশগুলোর অনুসরণে স্বল্পমেয়াদি পেশাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্লাম্বিং, পেইন্টিং, কাটিং, সেলাই ও গ্যাস সংযোগের মতো বিভিন্ন কারিগরি কাজে প্রশিক্ষিত জনবল তৈরি করা জরুরি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির পরিবর্তনশীল প্রভাব বিবেচনায় নিয়ে শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পদ্ধতি হালনাগাদ করতে হবে।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইএলওর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, বাংলাদেশ সরকার, শ্রমিক ও মালিক—সব পক্ষের স্বার্থ ও প্রয়োজন বিবেচনায় নিয়ে কাজ করে আইএলও। সংস্থাটির প্রধান লক্ষ্য অধিক সংখ্যায় মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মক্ষেত্রের পরিবেশের উন্নয়ন নিশ্চিত করা।
তিনি জানান, এসব লক্ষ্য অর্জনে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানো, কর্মভিত্তিক শিক্ষার মাধ্যমে তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি এবং শিল্পের প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়টিও আইএলওর কার্যক্রমের অন্যতম অগ্রাধিকার।
সভায় আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওয়াসফি তামিম উপস্থাপনার মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক শহীদুল আলম, বিজিএমইএ পরিচালক এনামুল আজিজ চৌধুরী ও মো. সাইফুল্লাহ। আইএলওর পক্ষে উপস্থিত ছিলেন চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পিটার বেলেন, হেড অব প্রোগ্রাম গুঞ্জন দাল্লাকোটি ও সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজেল আহসান। এ ছাড়া বিজিএমইএর চিফ কো-অর্ডিনেটর (আইএলও অ্যান্ড লেবার অ্যাফেয়ার্স) এএনএম সাইফুদ্দিন এবং রিটজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. জামশেদ আলী সভায় অংশ নেন।