যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো হাসুয়া দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওয়ার্ড বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে পুরোনো বিরোধের জেরে একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ ধারালো হাসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর আহত করেন। এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান তিনি। পরে স্বজনেরা আহত আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবারের সদস্যরা। জমিটি কেনার আগ্রহ ছিল শফিয়ারেরও। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত হয়, যা দীর্ঘদিন ধরে চলছিল। দুই পরিবার দূরসম্পর্কের আত্মীয় বলেও জানিয়েছেন স্থানীয়রা।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এদিকে নিহত শেখ আবু তালেবের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।