রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বেলা ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইবি থানার কুশলিবাসা গ্রামের হৃদয় হোসেন ও শিরিনার ছোট সন্তান।
শিশুটির বড় বোন খাদিজা (৬) কিডনিজনিত রোগে আক্রান্ত। গত ৪ নভেম্বর তাকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এর মধ্যে শিশুটির বাবা হৃদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে ওয়ার্ডে শয্যা না থাকায় বারান্দায় রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
বুধবার বেলা ৩টার দিকে আবু হুরাইয়া খেলতে খেলতে পাশের ১১ নম্বর মডেল ওয়ার্ডের দ্বিতীয় তলার বারান্দায় চলে যায়। সেখানে নির্মাণকাজ চলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি নিচে পড়ে গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ জানান, খবর পেয়ে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।