রংপুর আইনজীবী সমিতির তথাকথিত অ্যাসোসিয়েট সদস্যপদ বাতিল, ভোটাধিকার নিশ্চিত করা এবং বৈষম্যমূলক সব আইন প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টায় রংপুর আইনজীবী ভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচিতে অংশ নেন তারা।
কর্মসূচিতে বক্তারা বলেন, রংপুর আইনজীবী সমিতিতে জেনারেল ও অ্যাসোসিয়েট সদস্য নামে পৃথক শ্রেণি তৈরি করে আইনজীবীদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এ ধরনের বিভাজন বন্ধ করে সবাইকে জেনারেল সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। চতুর্থ দিনের মতো চলা এ কর্মসূচি থেকে আইনজীবীদের ভোটাধিকার নিশ্চিত করা না হলে আগামী বার কাউন্সিল নির্বাচন বর্জনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া, গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট একরামুল হক, নারী ও শিশু আদালত-১-এর পিপি অ্যাডভোকেট শফি কামাল, নারী ও শিশু আদালত-২-এর পিপি অ্যাডভোকেট মোকসেদুল ইসলাম, নারী ও শিশু আদালত-৩-এর পিপি অ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু, অ্যাডভোকেট বায়জিদ ওসমানী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম লাল, অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট ও অ্যাডভোকেট ফজলুল হকসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা।
নারী ও শিশু আদালত-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফি কামাল বলেন, ২৪ বছর ধরে আইনজীবীরা ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বড় ধরনের বৈষম্য। যে বৈষম্যের বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের অর্জন আইনজীবীদের ক্ষেত্রে কার্যকর হয়নি। তাই সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে সবার ভোটাধিকার নিশ্চিত করার জোর দাবি জানান তিনি। তাঁর মতে, হুমকি দিয়ে ক্ষমতা ধরে রেখে কোনো সমাধান হবে না। রংপুর আইনজীবী সমিতিতে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা হওয়াই তাদের প্রত্যাশা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা। দীর্ঘ ২৪ বছর ধরে আইনজীবীরা বৈষম্যের শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি দ্রুত তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।




