বেগম রোকেয়ার জন্মভিটা ও স্মৃতিকেন্দ্রের সংস্কার এবং আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার সকালে রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে রোকেয়া স্মৃতি সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজু আহমেদ। বক্তব্য দেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ, আতাউর রহমানসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মভিটা। এ স্থানটির উন্নয়নে বাংলা একাডেমি ‘বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প গ্রহণ করলেও তা এখনো পরিকল্পনা কমিশনে আটকে আছে।
তারা দ্রুত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন করে উন্নয়নকাজ শুরুর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।