পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মান ও বিভিন্ন অনিয়মের অভিযোগ যাচাইয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুর ১২টার দিকে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল আকস্মিকভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় অফিসের বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক কাগজপত্র এবং সেবার পরিবেশ পরিদর্শন করেন কর্মকর্তারা।
দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, পাসপোর্ট অফিসের কয়েকজন আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি দালালদের মাধ্যমে অনিয়ম এবং পাসপোর্ট করতে আসা ব্যক্তিদের হয়রানির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও চলবে।