‘জাল যার, জল তার’ প্রতিপাদ্য সামনে রেখে যশোরে খাটুরা বাওড় দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন মৎস্যচাষীরা। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমিতির নেতা আলতাব হোসেনের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ১০১ জন সদস্য অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, মণিরামপুর উপজেলার খাটুরা বাওড়টি সরকারি সম্পত্তি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন জেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে দীর্ঘমেয়াদি ইজারা নিয়ে সমিতি বাওড়টি পরিচালনা করে আসছে।
তাদের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি পক্ষ বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সহযোগিতায় জোরপূর্বক বাওড়টি দখল করে নেয়। এরপর থেকে সমিতির সদস্যরা সেখানে মাছ আহরণ করতে পারছেন না। মাছ ধরতে গেলে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মৎস্যজীবীরা জানান, বাওড় থেকে মাছ আহরণই ১০১ জন ভূমিহীন সদস্য ও তাদের পরিবারের জীবিকার প্রধান অবলম্বন। মাছ ধরতে না পারায় এসব পরিবার আর্থিক সংকটে পড়েছে।
বাওড় থেকে মাছ আহরণে বাধা দূর করা এবং সদস্যদের জীবিকা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধন শেষে এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।



