মুন্সীগঞ্জের ইছামতি নদীর ওপর পুরোনো বেইলি সেতুর জায়গায় নির্মিত হচ্ছে দুই লেনের আধুনিক সেতু। ৬৮ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (৮ নভেম্ব) বিকেলে মুন্সীগঞ্জ (ছনবাড়ি)-কুন্ডেরবাজার-শ্রীনগর সড়কের কুন্ডেরবাজার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। এ ছাড়া সরকারি কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন একটি প্রকল্পের মাধ্যমে সেতুটি নির্মাণ করা হবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পে স্টিল কম্পোজিট কাঠামোর সেতুটির দৈর্ঘ্য হবে ১৫১ দশমিক ৯০ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩০ মিটার। পাশাপাশি নির্মাণ করা হবে ৬০০ মিটার সংযোগ সড়ক।
বর্তমানে নদীর ওপর থাকা বেইলি সেতুটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এর সীমিত ভারবহন ক্ষমতার কারণে যানবাহন চলাচলে নানা সমস্যা তৈরি হচ্ছিল। নতুন সেতু নির্মিত হলে মুন্সীগঞ্জ, টঙ্গিবাড়ী ও সিরাজদীখান উপজেলার মানুষের যাতায়াত আরও নিরাপদ হবে।
এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিপণ্য ও বাণিজ্যিক পণ্য পরিবহনে সময় ও খরচ কমবে। বিশেষ করে স্থানীয়ভাবে উৎপাদিত আলু, ধান, গম, সরিষা ও মৌসুমি সবজি বাজারজাতকরণে সুবিধা বাড়বে।
প্রকল্পের আওতায় পুরোনো সেতু প্রতিস্থাপনের পাশাপাশি সংযোগ সড়ক উন্নয়ন ও নদীতীর সংরক্ষণের কাজও করা হবে। সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সেতুটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।