বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। তাদের একজন হিন্দু ও অন্যজন মুসলিম। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা গেছে, হাসপাতালটিতে শান্তা নামের এক গৃহবধূ সন্তান জন্ম দেন। এ সময় তার পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে নবজাতকের মায়ের স্বামী হিসেবে পরিচয় দেন।
তবে ঘটনার মোড় নেয় রবিবার সকালে। এ সময় এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে নবজাতককে নিজের সন্তান বলে দাবি করেন। তার দাবি, ২০২১ সালে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের শান্তাকে ভালোবেসে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তারা ঢাকায় সংসার শুরু করেন।
এমদাদুলের ভাষ্য, সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে যান। হাসপাতালে উপস্থিত হয়ে তিনি বিয়ের কাবিননামাসহ দাম্পত্য জীবনের বিভিন্ন প্রমাণ দেখান।
এমদাদুলের উপস্থিতির পর হাসপাতাল থেকে সরে যান শুভাস। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, শান্তা এমদাদুলের সঙ্গে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। নবজাতকের বাবা এমদাদুল নন বলেও দাবি করেন তিনি। তবে এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তার কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। এর মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। পরে তাদের বিয়েও হয়।
অভিযোগ রয়েছে, শান্তা চাকরির কারণে ঢাকায় থাকেন—এমন ধারণা ছিল শুভাসের। কিন্তু ঢাকায় গিয়ে তিনি প্রথম স্বামী এমদাদুলের সঙ্গে সংসার করতেন। আবার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে শুভাসের সঙ্গেও সময় কাটাতেন।
দুই ব্যক্তির পাল্টাপাল্টি পিতৃত্বের দাবিতে নবজাতকের পরিচয় ও পারিবারিক সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।