শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টগুলোতে সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা বিজিবির মধ্যে ঢাকার আশুলিয়ায় ৯ প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে ২ প্লাটুন, জিরানী ও জামগড়ায় ২ প্লাটুন করে এবং মিরপুরে ১ প্লাটুন রয়েছে। গাজীপুরের বিভিন্ন এলাকায় ১১ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া ও কাঁচপুর-শিমরাইল এলাকায় ৭ প্লাটুন দায়িত্ব পালন করছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও বিশেষ ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রমও নিয়মিত তদারকি করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের নিরাপত্তা, স্বাভাবিক কার্যক্রম এবং জনসাধারণের জানমাল রক্ষায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।