বাগেরহাটের দুবলারচরে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে আলোরকোল সৈকতের কাছ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন কোস্টগার্ড ও বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার রবিউল ইসলাম জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে গত দুই দিন ধরে সাগর এবং সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে তল্লাশি চালানো হয়। শনিবার রাতে আলোরকোলের সাগরতীর থেকে তার মরদেহ পাওয়া যায়।
নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে। শুক্রবার সকালে ১০ বন্ধুকে সঙ্গে নিয়ে সুন্দরবন ভ্রমণে বের হন তিনি। সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে একটি বোটে করে সেদিন বেলা ২টার দিকে দুবলার আলোরকোলে পৌঁছান তারা। পরে সৈকতে গোসল করতে নামলে সাগরের স্রোতে ভেসে যান রিয়াজ।
দুবলার জেলেপল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, নিখোঁজ পর্যটকের ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খবর পেয়ে তারা সুন্দরবনের উদ্দেশে রওনা হয়েছেন।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, মরদেহ উদ্ধারের পর কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতে রোববার সংবাদ সম্মেলন করা হবে।