ফেনীতে মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৭১৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল।
রবিবার (৮ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। সোমবার সকালে আটক ব্যক্তিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে শাজেদুল আজাদ ওরফে দিদার (৪৯), একই ইউনিয়নের আবুল কালাম মাস্টারের ছেলে আসাদুজ্জামান আজাদ (৪৮) এবং ধর্মপুর ইউনিয়নের অহিদুর রহমানের ছেলে আব্দুর রহমান ওরফে রাকিব (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে ফেনী শহরের শাহীন একাডেমি সড়কের ফয়েজ পাটোয়ারী সড়কে সাইদ ম্যানশনের পঞ্চম তলার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৭১৫ পিস ইয়াবা উদ্ধারসহ শাজেদুল আজাদকে আটক করা হয়।
অন্যদিকে, একই দিন গভীর রাতে পাঠানবাড়ী সড়কের বিসমিল্লাহ টাওয়ারের ষষ্ঠ তলায় আব্দুর রহমান রাকিবের বাসায় তল্লাশি চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাঁকেও আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা করেছেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, আটক ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন। পাশাপাশি নিজেরাও মাদক সেবন করতেন। তাদের গতিবিধি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর অভিযান চালানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন এই কর্মকর্তা।