দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি, চিকিৎসা সরঞ্জাম অচল রাখা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে রোগীদের সেবা পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অকেজো ফেলে রাখা এবং এর মাধ্যমে একটি সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার অভিযোগও তুলেছেন রোগী ও সচেতন মহল।
এ ছাড়া সরকারি অর্থের অপচয়, হাসপাতালের ভেতরে দালালদের দৌরাত্ম্য এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অবহেলার বিষয়েও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই দুদকের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এ সময় হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র জব্দ করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
অভিযানের বিষয়ে সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাইয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।