রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চার মাস ধরে চাঁদা আদায়ের অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজারে মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স নামের একটি দোকানে টাকা নিতে গেলে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে গত চার মাস ধরে ওই দোকান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আদায় করছিলেন। মঙ্গলবার আবারও টাকা নিতে গেলে দোকান মালিকের সন্দেহ হয়। পরে তিনি চন্দ্রঘোনা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচয় যাচাই করে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক সাইদুর রহমান খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়া গ্রামের মোহাম্মদ বাদশা মিয়ার ছেলে। তার বর্তমান ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোজারহাট এলাকায়।
চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।