কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর গ্রামে একই রাতে দুই ব্যক্তির বাড়ির সামনে রহস্যজনকভাবে লাল রঙের শপিং ব্যাগ রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। ব্যাগ দুটির ভেতরে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল, সাবানসহ বিভিন্ন সামগ্রীর পাশাপাশি হুমকিমূলক বার্তা লেখা কাগজ পাওয়া গেছে।
এ ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দা বাচ্চু মালিথা (৩০) ও মনিরুজ্জামান মনি (৪০)। তারা দুজনই পৃথকভাবে এ ঘটনায় অভিযোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত ১১ নভেম্বর রাত ১২টা ১০ মিনিট থেকে ১২ নভেম্বর ভোর ৩টার মধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা তাদের বাড়ির সামনে ব্যাগ দুটি রেখে যায়। পরদিন সকালে নামাজের জন্য ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে ব্যাগগুলো দেখতে পান তারা।
ভুক্তভোগীদের আশঙ্কা, এ ঘটনার মাধ্যমে তাদের এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং ঘটনার আইনগত নথি সংরক্ষণের জন্য তারা দৌলতপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
একই রাতে একই গ্রামের দুই বাড়ির সামনে এ ধরনের সামগ্রী রেখে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে কারা, কী উদ্দেশ্যে এসব ব্যাগ রেখে গেছে, তা এখনো জানা যায়নি।
ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।




