ঝড় ও শিলাবৃষ্টিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাকা আমণধান, ভুট্টা, মরিচের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বালিজুড়ি,গুনারীতলা, চরপাকেরদহ, জোড়খালী ইউনিয়নের বিভিন্নস্থানে পাকা আমণ ধানসহ ভুট্টা, মরিচ ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে কয়েকশ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। বালিজুড়ি ইউনিয়নের কৃষক রাসেল মিয়া জানান, চরাঞ্চলে খানসহ মরিচ ও ভুট্টার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাবে না। পাকাধানগুলো মাটির সাথে মিশে গেছে, তেমনি মরিচ গাছ বাতাসে উপড়ে পড়ে নষ্ট হয়ে গেছে।
গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ মালি পাড়ার বহু কৃষকের স্বপ্নের ভুট্টা ফসল বিনষ্ট হয়ে গেছে। ঐ এলাকার ভুট্টাচাষী সবুজ জানান, তারসহ ঐ এলাকার ৪০/৫০ জন কৃষকের জমির ভুট্টার বড় বড় গাছ ঝড়ো বাতাসে ভেঙে গিয়ে মাটিতে পড়ে আছে। অনেক কষ্ট করে উচ্চ মূল্যের সার,কীটনাশক, ডিজেল কিনে কৃষকরা ফসল ফলিয়ে প্রাকৃতিক দূর্যোগে বার ফসল হারাচ্ছে।
চাঁদপুর গ্রামের কৃষক দেলোয়ার জানান, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা আমণ ধানসহ মরিচ,ভুট্টা ফসলের ক্ষতি হয়েছে কৃষকরা তা পুষিয়ে উঠতে পারবেনা।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে শুনেছি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খোঁজ নিয়ে জানাতে পারবো।




