‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঝিনাইদহের মহেশপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তৌহিদুল কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তারা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্যদের সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবর আলী বাবু, দপ্তর সম্পাদক মো. ওসমান গণিসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।